ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক রুট হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব দেন।
ট্রাম্প লেখেন, ‘এখন যখন এটি আমেরিকার নিয়ন্ত্রণে এসেছে তখন আমাদের কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত? আমেরিকার মতোই এটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত হবে!’
হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। সম্প্রতি তিনি হরমুজ প্রণালিকে আমেরিকার ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে একটি মানচিত্রও পোস্ট করেন।
ভৌগোলিক নাম পরিবর্তনের ক্ষেত্রে ট্রাম্পের এটিই সর্বশেষ প্রস্তাব। এর আগে গত সপ্তাহে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন তিনি। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার প্রথম দিন তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখেন।
তবে পরে হরমুজ প্রণালির নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে ট্রাম্প বলেন, এটি শুধু সামনে ছুড়ে দেওয়া একটি প্রস্তাব ছিল। এএফপির এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি হাসতে হাসতে বিষয়টি নিয়ে এমন মন্তব্য করেন।
এদিকে ইরান-আমেরিকা যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে যাতায়াত করে। মঙ্গলবার ইরানের নতুন করে মাইন স্থাপনের চেষ্টার অভিযোগ তুলে হরমুজ প্রণালির কাছে হামলা চালায় আমেরিকার বাহিনী। এর পর আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে।
সূত্র: এনডিটিভি, এএফপি











