spot_img
spot_img

গাজ্জা থেকে সরবে না ইসরাইল, আরও এলাকা দখলের ইঙ্গিত নেতানিয়াহুর

গাজ্জা উপত্যকার দখলকৃত এলাকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে না বলে ঘোষণা দিয়েছেন দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে উপত্যকায় ইসরাইলের দখল ও নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছেন তিনি।

তিনি বলেন, “আমরা সরে যাচ্ছি না। আমরা এই লাইনেই থাকছি।”

বুধবার (২ সেপ্টেম্বর) গাজ্জার ভেতরে তথাকথিত ‘ইয়েলো লাইন’ সংলগ্ন একটি ইসরাইলি সামরিক অবস্থান পরিদর্শনের সময় নেতানিয়াহু এ কথা বলেন। এ সময় ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামিরসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে গাজ্জা উপত্যকার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। এরপর তিনি বলেন, সামনে ‘আরও কিছু আসছে’। তার এ বক্তব্যকে গাজ্জায় ইসরাইলি দখল ও সামরিক নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

হামাসকে নিরস্ত্র করা এবং গাজ্জাকে সামরিক সক্ষমতামুক্ত করার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরাইল অভিযান চালিয়ে যাবে বলেও জানান নেতানিয়াহু। তিনি দাবি করেন, গাজ্জা যেন ভবিষ্যতে ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে, সে লক্ষ্য অনেকাংশে অর্জিত হয়েছে। তবে এখনো তাদের কাজ বাকি রয়েছে।

এর আগে গত ২৮ মে নেতানিয়াহু ইসরাইলি বাহিনীকে গাজ্জার ওপর নিয়ন্ত্রণ ৭০ শতাংশ পর্যন্ত সম্প্রসারণের নির্দেশ দিয়েছিলেন। তার সর্বশেষ বক্তব্যকে সেই পরিকল্পনারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ব্যবস্থার অংশ হিসেবে গাজ্জায় ইসরাইলি বাহিনীর অবস্থান চিহ্নিত করতে তথাকথিত ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করা হয়। এই রেখার এক পাশে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকা এবং অন্য পাশে গাজ্জার অবশিষ্ট অংশ রয়েছে।

তবে যুদ্ধবিরতির পর বিভিন্ন স্থানে এই রেখা গাজ্জার আরও ভেতরে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে গাজ্জার উল্লেখযোগ্য কৃষিজমি ও বসতি ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকার মধ্যে পড়ে গেছে।

নেতানিয়াহুর সর্বশেষ ঘোষণা গাজ্জা থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহারের সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে।

সূত্র : টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ