spot_img
spot_img

আগামী নির্বাচনে ইসলামকে বিজয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামের পক্ষে একটি জাগরণের সুযোগ হয়েছে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করে প্রতি আসনে একটি মাত্র ইসলামের পক্ষে ব্যালটবাক্স দিয়ে ইসলামকে বিজয়ী করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।

বুধবার (২ আক্টোবর) সন্ধ্যায় ফেনীর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলনের ফেনী শহর ও পৌর শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, শিক্ষা কমিশন বাতিল করায় একটি নাস্তিক্যবাদী গোষ্ঠী ইসলামী জনমতকে মৌলবাদ ও সাম্প্রদায়িক বলে গালি দিয়ে ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করছে। কিন্তু নাস্তিক্যবাদীদের বলে দিতে চাই ইসলামের ব্যাপারে নাক গলানোর চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে যারা দেশকে চুরি-ডাকাতি, দুর্নীতি, অর্থপাচার ও গুম-খুনে বিশ্বে ৪র্থ করেছে তাদেরকে আমরা ক্ষমতায় আর চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে ইসলামী আন্দোলন মাঠে ময়দানে সরাসরি ভুমিকা পালন করেছে। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে সর্বপ্রথম রাজনৈতিক ব্যানার নিয়ে ছাত্রদের মিছিলে আমরা যোগদান করেছি। আমাদের ১৭৩ জন ছাত্র এবং কর্মী শাহাদাত বরণ করেছে। কাজেই ইসলামী আন্দোলনের অবদানকে খাটো করে দেখার কোন সুযোগ নেই।

তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী দেশে যখন আইন শৃঙ্খলার অবনতি হয়, তখনও আমাদের ছাত্র, যুবক এবং শ্রমিক কর্মীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করে, মন্দির পাহারায় কাজ করে, ডাকাতি বন্ধে পাড়া মহল্লাহ স্বেচ্ছাসেবকের ভুমিকা পালন করে। যা দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেশবাসির সামনে তুলে ধরার সুযোগ এসেছে। ইসলামের সৌন্দর্য দেখে অতীতে ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ হিজরত করে বিভিন্ন দেশ থেকে ইসলামের দেশে আশ্রয় নিয়েছিলো শান্তির আশায়। কাজেই ইসলামী নীতি ও আদর্শের মাধ্যমেই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, আসুন আমরা সকলে মিলে ইসলামের নীতি ও আদর্শকে বিজয়ী করে মানুষের শান্তি ও ক্যলাণ নিশ্চিত করি। তিনি বলেন, আমাদের দেশ ৭১ সালে স্বাধীন হলেও পরাধীনতার শিকলে আবদ্ধ ছিলো। প্রকৃত স্বাধীনতা লাভ করে ৫ আগস্ট। ৫ আগস্টের পর মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করছে। এর আগ পর্যন্ত ভারতের পরাধীনতার মধ্যে ছিলো দেশ। ইসলামের আদর্শ দেখে অন্যান্য ধর্মাবলম্বীরাও ইসলামে ফিরে আসবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী শহর শাখা সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ আরও বক্তব্য রাখেন, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম। বক্তব্য রাখেন, ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, মাওলানা একরামুল হক ভূঁইয়া, মাওলানা শেখ আতিকুল্লাহ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ