ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দাবিকে ‘কল্পনাকেও ছাড়িয়ে যাওয়া এক গালগল্প’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মহসেন রেজাই। তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা নির্ধারণ করছে ইরানের জনগণ, সেনাসদস্য ও ক্ষেপণাস্ত্র।
শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
রেজাই বলেন, আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট একের পর এক ব্যর্থতার পরও কথা বলেই যাচ্ছেন। তাঁর কথাবার্তা এখন নিজের কল্পনাকেও ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, আপনি নিজের কল্পনায় প্রতিদিন জয়ী হতে পারেন। কিন্তু বাস্তবতা গড়ে তুলছে ইরান, ইরানের জনগণ, সেনাসদস্য ও ক্ষেপণাস্ত্র।
ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে আমেরিকার বিজয়ের দাবি করে আসছেন। ইরানি সূত্রগুলোর হিসাবে, আমেরিকা ও ইসরাইলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প অন্তত ১০০ বার বিজয়ের দাবি করেছেন।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ৪০ দিনের যুদ্ধে আমেরিকা ও ইসরাইলের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের দাবি, এসব হামলায় ক্ষয়ক্ষতির পর যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এসব সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও যুদ্ধবিরতিতে বাধ্য হওয়ার কারণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকার সামরিক তৎপরতার জবাবে ইরানি বাহিনী ড্রোন ভূপাতিত করা এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো অব্যাহত রেখেছে।
এর মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন হুমকি দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেন, ইরানকে একটি ‘ন্যায্য চুক্তিতে’ সই করতে হবে। অন্যথায় দেশটির অস্তিত্ব থাকবে না বলে হুমকি দেন তিনি।
এর আগে ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও ইরানকে ঘিরে একই ধরনের হুমকি দেন ট্রাম্প। এ ছাড়া কাতারের মধ্যস্থতায় ইরানের পক্ষ থেকে যুদ্ধ অবসানের জন্য দেওয়া একটি প্রস্তাবও ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে বলে ইরানি পক্ষ জানিয়েছে।
সূত্র: নূর নিউজ, প্রেস টিভি, ইসলাম টাইমস











