দেশের রাজনৈতিক দলগুলো জনগণের অধিকার রক্ষায় ব্যর্থ বলে মন্তব্য করেছেন গণফোরামের একাংশের সভাপতি ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন।
ড. কামাল বলেন, দেশের জনগণের মৌলিক অধিকার রক্ষায় জনমত সৃষ্টি করতে হবে। জনগণকে সোচ্চার থাকতে হবে, ঝুঁকি নিতে হবে। বহুদলীয় গণতন্ত্রই আসল গণতন্ত্র রক্ষা করতে পারে। এটার মধ্যে রাজনৈতিক অধিকার থাকবে, অর্থনৈতিক বৈষম্য নিরসন হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের গ্যালারিতে সংবিধান দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানবাধিকার লঙ্ঘন রোধে সংবিধানের কোনো সীমাবদ্ধতা আছে কি না- এমন প্রশ্নের জবাবে এই সংবিধান প্রণেতা বলেন, সংবিধানের সীমাবদ্ধতা নাই। তবে আমাদের রাজনৈতিক দলগুলোর সীমাবদ্ধতা আছে। আমাদের রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে ভূমিকা রাখার কথা ছিল। তারা দলের স্বার্থকে বড় করে দেখে, মৌলিক অধিকারকে তারা উপেক্ষা করে। সবাই যদি বড় দলে গিয়ে নমিনেশন পাওয়ার জন্য গা ভাসিয়ে দেয় তখনই পার্টি ফেইল করে। জনগণকে কীভাবে সংগঠিত করা যায়, নাগরিক সংগঠন কীভাবে করা যায়- এটা নিয়ে ভাবা উচিত। এটা আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা।










