আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ও সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ হয়েছে। তবে এবার আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। ইতিমধ্যে আমাদের নেত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে বলেছেন। আসছে নির্বাচনে এটা হবে আমাদের প্রধান স্লোগান।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলন উদ্বোধন করেন তিনি।
ঢাকা সিটি আমাদের দখলে থাকবে এমন হুঙ্কার দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী আরও বলেন, এই তারেক রহমান গতকালও ঢাকায় এক ক্যাডারের সাথে কথা বলেছে। সেই কথোপকথন হয়তো আপনারা শুনেছেন। সেখানে বলা হয়েছে-‘তোমরা রাস্তা ছাড়বে না। হাসিনা পালাবার পথ খুঁজছে। হাসিনার মন্ত্রীরা পালাবার পথ খুঁজছে। তোমরা রাস্তা ছাড়বে না।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, হুমকি দিয়ে সরকার পতন করা যাবে না। আগামী নির্বাচনে খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। বিজয়ের মাস ডিসেম্বর আর এই ডিসেম্বরেই খেলা হবে। আন্দোলন হলে রাজপথ, জনপথ, শহর, পাড়া-মহল্লা ইউনিয়ন ও জেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিবে।
তিনি আরও বলেন, কামাল সাহেব বলেন অর্থ পাচারের কথা। কিন্তু তারেক রহমানের অর্থ পাচারের দায়ে যে দণ্ডিত সেই কথা বলেন না। ইহুদি জামাতার মাধ্যমে অর্থ পাচার করে কামাল হোসেন। বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ তিনি। তারেক রহমানের পাচার করা টাকা সুইচ ব্যাংকে যারা রেখেছেন তারা যে দলেরই হোক শাস্তি পেতে হবে। সবার অর্থের উৎস খোঁজা হচ্ছে। শেখ হাসিনার পক্ষ থেকে এই বার্তা দিয়ে গেলাম।










