spot_img

তারেক রহমান আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন: তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ বিষয়ে তৈমূর আলম খন্দকার সোমবার তিনি সাংবাদিকদের বলেছেন, চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার বিষয়ে দল থেকে এখনো আমাকে কিছু জানায়নি। যদি এটা সত্য হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালাদের তৈমূর, তাদের কাছে ফিরে যাবো। আমি এখন জনমানুষের তৈমূর, গণমানুষের কাছে ফিরে যাবো।

তিনি আরও বলেন, আমার ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। অন্য কেউ আমার ভাগ্যের মালিক এটা আমি বিশ্বাস করি না। আপনারা জানেন, আমি যেসব সংগঠন করি হকার, হোটেল শ্রমিক, খেটে খাওয়া মানুষের সংগঠন করি। এই সংগঠনগুলো সিটি করপোরেশন বা পৌরসভার সাথে সরাসরি সম্পৃক্ত। তাদের একটা দীর্ঘদিনের দাবি আমি পৌরসভা বা সিটি করপোরেশনের দায়িত্ব নেব।

তিনি আরো বলেন, ২০১১ সালে দল নমিনেশন দিয়েছিল। সেবার দল সিদ্ধান্ত দিয়েছিল। তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমি নির্বাচন থেকে পাঁচ ঘণ্টা আগে সরে গেছি। আমি আজ পর্যন্ত আমার দলকে প্রশ্ন করিনি কেন আমাকে সরিয়ে দেওয়া হলো, কেন প্রত্যাহার করা হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ