spot_img
spot_img

সীমান্ত হত্যা বাংলাদেশ সরকারকে বিব্রত করে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সীমান্ত হত্যা বাংলাদেশ সরকারকে বিব্রত করে। এটি বাংলাদেশ-ভারতের সম্পর্ককে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে না। সামনের দিনে সীমান্ত হত্যা কমে আসবে।

বুধবার (৪ জানুয়ারি) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘বাংলাদেশ-ভারত অনন্য বন্ধুত্বে হাসিনা-মোদির আমল: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা (সীমান্ত হত্যা) একটা বিরক্তের জায়গা। এতে কোনো সন্দেহ নেই। এটা আমাদের বিব্রত করে। আমাদের সম্পর্কটাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারার একটা কারণ হলো সীমান্ত হত্যা।

শাহরিয়ার আলম বলেন, গত সপ্তাহে তিন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। বিষয়টি আমরা কূটনৈতিক চ্যানেলে, আমাদের ভাষায় ভারত সরকারকে জানিয়েছি। আমরা মনে করি, দুই পক্ষের যে চুক্তি আছে বা অন্যান্য যে বোঝাপড়া আছে, আমাদের প্রতিবেশীসুলভ সম্পর্ককে সীমান্ত হত্যা ব্যত্যয় করে, এটা আমরা গতকাল ভারতকে জানিয়েছি। আমরা নিশ্চিত করতে চাই, এটা নিয়ে আমরা সবসময় সোচ্চার থাকব।

শাহরিয়ার আলম আরও বলেন, কেন্দ্রীয়ভাবেও যখন আমরা বৈঠকগুলো করি, তখনও দেখা যায়; সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়ে সদিচ্ছার কমতি নেই তাদের। এ ব্যাপারে কিন্তু আমরা কনভিন্সড। কিন্তু অপারেশন লেভেলে বলতে পারবে এ ঘটনাগুলো কেন ঘটছে। এগুলো আরও বিশদভাবে খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, প্রশ্ন আমাদেরও বিএসএফের গুলি কেন পায়ে বা হাতে লাগছে না। আমরা আশা করব, এটা (সীমান্ত হত্যা) সামনের দিনে কমে আসবে। আমরা খেয়াল করেছি, কিছু কিছু জায়গায় সীমান্ত হত্যা শূন্যের কোটায় নেমে এসেছে। ২০২০, ২১ এবং ২২ সালে ভারতের সীমান্তবর্তী এলাকার কোনো কোনো জায়গায় মৃত্যু কিন্তু শূন্যের কোটায় নেমেছে। একটিও সীমান্ত হত্যা হয়নি।

তিনি আরও বলেন, দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নয়াদিল্লির কাছে উপস্থাপনে আওয়ামী লীগ সরকার পিছ পা হয় না। সম্পর্কের সোনালী অধ্যায়ে বাংলাদেশের ১৬ কোটি বা তার বেশি মানুষের স্বার্থ সংশ্লিষ্ট অপ্রিয় সত্যটাও ভারতের কাছে তুলে ধরতে আমরা কখনও পিছ পা হই না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ