বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিকে তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। তিনি ঘোষণা দিয়েছেন, যারা তার চরিত্র হনন করেছেন, তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেন, প্রতিশোধ নয়, বরং ক্ষমা ও নৈতিকতাই আগামীর বাংলাদেশ গড়ার পথ।
তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে পরিকল্পিতভাবে নানা আক্রমণ চালানো হয়েছে। নিজেকে ‘আহত সৈনিক’ উল্লেখ করে তিনি বলেন, ‘‘চারদিক থেকে আমার দিকে ‘মিসাইল’ ছোড়া হলেও আমি পাল্টা কোনো ‘অ্যান্টি-মিসাইল’ ছুড়ব না। যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। কারণ আমার রক্ত আর মেজাজের সঙ্গে প্রতিশোধ মানায় না।’’
তিনি আরও বলেন, ‘‘আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই।’’ তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রতিশোধের সংস্কৃতি রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে। এই চক্র ভাঙতে তিনি যুবসমাজকে সঙ্গে নিয়ে সহনশীলতা ও দায়িত্ববোধের নতুন রাজনৈতিক ধারা শুরু করতে চান। বক্তব্যে তিনি ’৪৭, ’৭১ এবং ’২৪-এর গণআন্দোলন ও বিপ্লব এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দলের ইশতেহার ও অর্থনীতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, শিল্প টিকলে শ্রমিক টিকবে, আর শ্রমিক বাঁচলেই দেশের অর্থনীতি শক্ত হবে। রাষ্ট্র পরিচালনায় দায়িত্বরতদের উদ্দেশে তিনি বলেন, ‘‘ককপিটে যারা বসে আছেন, তাদের সঠিক সিদ্ধান্ত ও নৈতিক অবস্থানের ওপরই বাংলাদেশ নামক বিমানটির নিরাপদ যাত্রা নির্ভর করে।’’











