মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে উৎখাত করতে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সাহায্য কামনা করে তাদের সসম্মানে ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার (এনইউজি)।
বৃহস্পতিবার (৩ জুন) রাতে এনইউজি সংখ্যালঘুনীতি নিয়ে তিন পৃষ্ঠার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
মিয়ানমারের রাজনৈতিক দলের অধিকাংশ সদস্য রয়েছেন এনইউজি। তারা নিজেদের মিয়ানমারের বৈধ সরকার হিসেবে দাবি করছে। একই সঙ্গে বিশ্বের দরবারে সমর্থন পাওয়ারও চেষ্টা করছে তারা।
মিয়ানমারের এই ছায়া সরকারে সু চির রাজনৈতিক দল এনএলডির সদস্যরাও রয়েছেন। তবে ক্ষমতায় থাকাকালে সু চির সরকার রোহিঙ্গা মুসলিমদের ফেরাতে চায়নি। এমনকি ‘রোহিঙ্গা’ শব্দ ব্যবহার না করে ‘রাখাইনে বসবাসকারী মুসলিম’ বলে অভিহিত করতেন সু চি সরকারের নেতারা।
তবে ইতিমধ্যেই একে সন্ত্রাসী দল হিসেবে অ্যাখা দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। এমনকি এই দলের সঙ্গে কেউ প্রকাশ্যে অথবা গোপনে যোগাযোগের চেষ্টা করলে শাস্তির মুখোমুখি হওয়ার ঘোষণা দিয়ে রেখেছে।












