spot_img

পদ্মা সেতুতে চলাচলের জন্য তৈরি হচ্ছে কয়েকশ নতুন বাস

আগামী ২৫ জুন খুলে দেওয়া হচ্ছে পদ্মা সেতু। সেতুকে ঘিরে শরীয়তপুরের মানুষের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। দীর্ঘ প্রায় সতের বছরের ভগ্নদশা পরিবহন খাতও ডানা মেলেছে স্বপ্ন ছোঁয়ার। বিনিয়োগ হচ্ছে প্রায় ৩০০ কোটি টাকা। যা পদ্মা সেতুর সঙ্গে তাল মিলিয়ে জেলার যোগাযোগ ক্ষেত্রকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। ইতোমধ্যে জেলার চারটি কোম্পানির দুই শতাধিক এসি-ননএসি বাস প্রস্তুতে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রমিকরা।

শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ ও পরিবহন ব্যবসায়ীরা জানান, শরীয়তপুর ঢাকার খুব কাছের জেলা হলেও পদ্মা নদী ও সড়কের বেহাল দশার কারণে যাতায়াত ব্যবস্থা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। তাইতো পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নতুন করে জেগে উঠেছে প্রায় ভগ্নদশায় থাকা শরীয়তপুরের পরিবহন খাত। যাত্রীদের আধুনিক সেবা নিশ্চিত করতে শরীয়তপুর সুপার সার্ভিস প্রাইভেট কোম্পানি, শরীয়তপুর পদ্মা ট্রাভেলস, শরীয়তপুর পরিবহন ও গ্লোরি এক্সপ্রেসসহ আরও অনেক কোম্পানিই এ খাতে নতুনভাবে প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করছেন। মালিক পক্ষও দিন গুনছেন পরিবহণের সোনালী দিনের।

তারা আরও জানিয়েছেন, জেলার বাসিন্দারা নৌপথ দিয়ে ঢাকায় যাতায়াত করেন। পদ্মা সেতু চালুর খবরে শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ ঢাকা ও নারায়ণগঞ্জে সরাসরি বাস চালানোর উদ্যোগ নেয়। শরীয়তপুর থেকে ঢাকার গুলিস্তান, কমলাপুর, সায়েদাবাদ, ভুলতা, গাউছিয়া ও নারায়ণগঞ্জে বাসগুলো চলাচল করবে। ব্যবসায়ীরাও এ জন্য নতুন গাড়ি প্রস্তুত করছেন। এরই মধ্যে ভলভো, আইচার, অশোক লিলেন্ড, টাটা গাড়ির (বাস) চেসিস কেনা হয়েছে। আগামী ২৫ জুন সেতুর সঙ্গে নতুন গাড়ির বহর যোগ করতে শরীয়তপুর-মাদারীপুরসহ ঢাকা, সাভার বিভিন্ন জায়গায় শ্রমিকরা দিন-রাত বাস প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুর সুপার সার্ভিস প্রাইভেট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান খুলেছে সড়ক পরিবহন মালিক গ্রুপ। তারা ৫০টি নতুন বাস প্রস্তুত করছে। এছাড়া পদ্মা ট্রাভেলস, শরীয়তপুর পরিবহন ও গ্লোরি পরিবহন ঢাকার সঙ্গে বাস চালানোর প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি কোম্পানি নতুন বাস আনার পরিকল্পনা করছে। তাদের মধ্যে পদ্মা ট্রাভেলস ও শরীয়তপুর পরিবহনের কয়েকটি বাস এরই মধ্যে ঢাকা থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া পর্যন্ত চলাচল করছে। কোম্পানিগুলো প্রাথমিকভাবে ৩০০টি বাস প্রস্তুত করছে। যার একেকটিতে খরচ পড়ছে ৮০ লাখ থেকে ৯০ লাখ টাকা।

পদ্মা সেতুর সঙ্গে নতুন গাড়ির সংযুক্তি ঢাকাসহ সারা দেশের সঙ্গে সহজ যোগাযোগের দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন শরীয়তপুর জেলার মানুষ।

শরীয়তপুর সুপার সার্ভিস প্রাইভেট কোম্পানির মালিক পক্ষের একজন সাইম মোল্লা বলেন, পদ্মা সেতু চালু হবে এ স্বপ্ন নিয়ে দীর্ঘদিন লোকসানে থেকেও ব্যবসা টিকিয়ে রেখেছি। আমি পরিবহন খাতে বিনিয়োগ করেছি। পদ্মা সেতু যেদিন খুলবে, সেদিন থেকেই আমরা ঢাকায় যাত্রী পরিবহন করতে চাই। আমাদের কোম্পানির এসি ও ননএসি বাস চলবে।

পদ্মা ট্রাভেলসের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিনে বাস সার্ভিস চালু করা হবে। পরীক্ষামূলকভাবে আমাদের শরীয়তপুর-ঢাকা ১২টি বাস চলবে আশা রাখি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ