spot_img
spot_img

আজিজ-বেনজীর দুর্নীতি করলে বিচার করার সৎ সাহস প্রধানমন্ত্রীর আছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সেনা প্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না। তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আছে।

তিনি আজ মঙ্গলবার (৪ জুন) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বেনজীর এবং আজিজ আওয়ামী লীগের লোক নয়। তারা নিজ যোগ্যতায় নিজ নিজ বাহিনীর প্রধান হয়েছিলেন। তাদের অপকর্ম সামনে আসলে বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে। বিএনপি দুর্বৃত্তের জন্মদাতা। চোরের রাজা, চোরের মহারাজা সবাই বিএনপির।’

তিনি বলেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনা, র‌্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি। ৮ জনকে পাশ কাটিয়ে ৯ নম্বর ব্যক্তি মঈন উদ্দিনকে সেনা প্রধান বানিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সাবেক আইজিপি শামসুল হুদা, এসপি কহিনুর কার সৃষ্টি? মির্জা ফখরুল ভুলে গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত প্রধান অস্ত্র মামলায় দশ বছর, অর্থ পাচারে আজকে পলাতক আসামি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সততা নিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদেশে একজন সৎ রাজনৈতিক হিসেবে পরিচিত। বিএনপির প্রধান খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদারতায় সাজা স্থগিত করে বাসায় বসে চিকিৎসা নিতে পারছেন। আজকে সেই বিএনপি দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলে।

ওবায়দুল কাদের বলেন, কষ্টে থাকলে জানাবেন, অপকর্ম করবেন না। আমাদের নিজের দুর্বলতার খবর শত্রু জানলে নিজেদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে।

তিনি বলেন, দেশে আওয়ামী লীগ ই একমাত্র দল যারা জন্মলগ্ন থেকেই দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করে। নিজেদের ভুলত্রুটি সংশোধন করার সৎ সাহস রাখে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সুত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ