আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে পাকিস্তান থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, পাকতিয়া প্রদেশের দান্দ পাতান জেলার একটি দুর্গম এলাকায় গোয়েন্দা তৎপরতা ও তল্লাশি অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি একে-৪৭ রাইফেল, ১২টি পিস্তল, ৮টি শটগান, ২০টি কালাশনিকভ রাইফেল, ৩টি এম৪ রাইফেল এবং পিস্তলের ৩ হাজার রাউন্ড গুলি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নিরাপত্তা বাহিনী জব্দ করার আগে এসব অস্ত্র প্রতিবেশী পাকিস্তান থেকে আফগানিস্তানে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল।
কর্মকর্তারা জানান, অভিযান শুরু হলে চোরাকারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেফতারে এখন প্রচেষ্টা চলছে।
চলতি বছরে এ নিয়ে চতুর্থবারের মতো পাকতিয়া প্রদেশের বিভিন্ন এলাকা থেকে পাকিস্তান থেকে চোরাচালানের মাধ্যমে আনা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করল আফগান বাহিনী।
সূত্র: হুরিয়াত রেডিও











