ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বলেছেন, “আমাদের যদি সঠিক শিক্ষা থাকে এবং আমরা যদি একটি শিক্ষিত সমাজ গড়ে তুলতে পারি, তাহলে বিশ্বের কোনো শক্তি আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানেও আমাদের নিজেদের শক্তিশালী করতে হবে, যাতে আমরা রাজনৈতিক বিষয়সহ অন্যান্য ক্ষেত্রে সফল হতে পারি।”
রাজধানী কাবুলের রিয়াজুল উলুম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাওলানা আমীর খান মুত্তাকী বলেন, আফগানিস্তানের বৈদেশিক সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। একটি দেশ ছাড়া পুরো অঞ্চলে আফগানিস্তানের সক্রিয় কূটনৈতিক প্রতিনিধিত্ব রয়েছে। কোনো দেশ যদি ইমারাতে ইসলামিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন না করার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি ওই দেশের নিজস্ব সিদ্ধান্ত।
তিনি বলেন, “আমরা প্রায় ৫০টি দেশের বিরুদ্ধে প্রায় ২০ বছর যুদ্ধ করেছি, তাই আজ সেই একই দেশগুলো আমাদের উন্মুক্ত হৃদয়ে স্বাগত জানাবে, এমন প্রত্যাশা করা উচিত নয়। তা সত্ত্বেও, এই অঞ্চলে মাত্র একটি দেশ আছে, যেখানে আমাদের সক্রিয় কূটনৈতিক মিশন নেই।”
বক্তব্যের আরেক অংশে শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আফগানিস্তানের অগ্রগতি নির্ভর করছে ধর্মীয় ও আধুনিক উভয় জ্ঞানের একসঙ্গে বিকাশের ওপর।
তিনি শিক্ষার্থীদের আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাপ্রবাহ সম্পর্কে অবহিত থাকার এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা, জাতীয় ঐক্য, ফেরত আসা অভিবাসীদের ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক পরিস্থিতির উন্নতিকেও ইমারাতে ইসলামিয়ার অর্জন হিসেবে তুলে ধরেন।
আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যেকোনো ব্যবস্থার টিকে থাকা ও শক্তিশালী হওয়া এবং সমাজের স্থিতিশীলতার জন্য নিরাপত্তা একটি মৌলিক নীতি। আজ পুরো আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের ভূখণ্ডের কোনো অংশ কোনো বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেই।”
সূত্র: তোলো নিউজ











