র্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে আটক করেছে র্যাব।
বুধবার (৩ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ ব্যাটালিয়নের একটি বিশেষ টিমের অভিযানে এই নেতাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফজলুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুর র্যাব-১৩ এর একটি দল ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামাড় ইউনিয়নের নজরমামুদ এলাকার দক্ষিণ নজরমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান চালায়। এসময় ছাত্রলীগ নেতাসহ দুই মাদক চোরাকারবারীকে হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা। তারা দুজনেই মাদকদ্রব্য সেবন ও চোরাকাবারীর সঙ্গে জড়িত। তাদের শরীর তল্লাশি করে ১৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে র্যাব।
ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান বলেন, গতকাল রাতে ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ আটকের ঘটনাটি শুনে থানায় গিয়ে নিশ্চিত হয়েছি। রাতেই ছাত্রলীগের বিশেষ সভা আয়োজন করে ইয়াবাসহ আটক ছাত্রলীগ নেতা লোকমান হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।











