spot_img

রাজপথে আমরা থাকব, রাজপথ কারও নিজের সম্পত্তি না : মির্জা আব্বাস

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজপথ ছেড়ে দেওয়া যাবে না, রাজপথে আমরা থাকব। রাজপথ কারও নিজের সম্পত্তি না। রাজপথে আসুন, বাহাদুরের মতো আসুন।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধান ‘হত্যার’ প্রতিবাদে সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় যুবদল।

সামাবেশে মির্জা আব্বাস প্রধান অতিথির বক্তব্য দিতে শুরু করলে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। এসময় মির্জা আব্বাস বলেন, এখন আর স্লোগান দিও না। তখন নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এসময় ক্ষিপ্ত হয়ে মির্জা আব্বাস বলেন, ফাজলামি করো। এরপর নেতাকর্মীরা স্লোগান বন্ধ করলে আবারও বক্তব্য দেওয়া শুরু করেন তিনি।

তিনি বলেন, আমাদের খালি হাত, আপনারাও খালি হাতে আসেন। পুলিশ ছাড়া আসেন। দেখি কার কত ক্ষমতা। আর যদি বলেন-লগি বৈঠা, সেটাও সই। আমরা নিয়ে আসব। আমাদেরও বন্ধুকের লাইসেন্স দিন, আমরাও বন্ধুকের লাইসেন্স চাই। বন্ধুক দিয়ে বন্ধুক মোকাবিলা করব। আমরা জয়লাভ করব। তবে আমি যেটা বললাম, সেটা কথার কথা নয়। সমানে-সমানে লড়াই হবে।

মির্জা আব্বাস বলেন, আমাকে এক ছোট ভাই বলেছে-বুক পেতে দিয়েছি, আরও গুলি করো। কিন্তু না আমরা আর গুলি খাওয়ার জন্য বুক পেতে দেবো না। আমাদেরকেও লাইসেন্স দিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ