গাজ্জা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে অন্য দেশে পাঠানোর পরিকল্পনা প্রকাশ করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। তার প্রস্তাব অনুযায়ী, আগামী সাত বছরে গাজ্জা থেকে প্রায় ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ‘ডিসএনগেজমেন্ট ৭১০’ নামে এই পরিকল্পনা প্রকাশ করেন তিনি।
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস ধরে এই পরিকল্পনা তৈরি করেছেন বেন গভির। এতে প্রথম বছরে ২ লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে গাজ্জা থেকে সরিয়ে নেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। তিন বছরের মধ্যে এই সংখ্যা ১১ লাখ ১০ হাজারে এবং সাত বছরের মধ্যে প্রায় ১৮ লাখ ৬০ হাজারে উন্নীত করার কথা বলা হয়েছে।
গাজ্জায় ইতোমধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ইসরাইলি হামলায় ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে খাদ্য ও পানির সরবরাহ সীমিত করা হয়েছে। এসব পরিস্থিতির মধ্যেও ইসরাইলি বাহিনী গাজ্জায় ফিলিস্তিনিদের হত্যা করে চলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বেন গভিরের পরিকল্পনায় ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায়’ গাজ্জা ছাড়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের তুরস্ক, ইথিওপিয়া, কঙ্গো এবং কয়েকটি আরব দেশে পাঠানোর কথা বলা হয়েছে। এ জন্য ‘আন্তর্জাতিক অংশীদারত্ব’ প্রয়োজন হবে। যেসব দেশ ফিলিস্তিনিদের গ্রহণ করবে, তাদের সঙ্গে সমঝোতা করার কথাও পরিকল্পনায় রয়েছে।
পরিকল্পনাটি বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে। এ জন্য বিপুল সরকারি অর্থ বরাদ্দ এবং আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে অর্থায়নের প্রস্তাব রাখা হয়েছে।
বেন গভির বর্তমানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অংশ। আগামী সরকার গঠনের সময়ও গাজ্জা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনাকে তিনি জোটে যোগ দেওয়ার শর্ত করতে চান।
এ জন্য জোরপূর্বক স্থানান্তর তদারকির দায়িত্বে একজন মন্ত্রী নিয়োগের দাবি জানিয়েছেন বেন গভির। ওই মন্ত্রীর অধীনে একজন মহাপরিচালক, আলাদা বাজেট এবং ব্যাপক ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চালানোর জন্য একটি বিশেষ দল গঠনের কথাও বলা হয়েছে।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বুধবার একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত অভিবাসন ছাড়া গাজ্জার জন্য কোনো বাস্তব সমাধান নেই।’
ফিলিস্তিনিদের গ্রহণ করতে পারে এমন দেশগুলোর কাছ থেকে আমেরিকার সমর্থন চাওয়া হচ্ছে বলেও জানান কাৎজ। তার ভাষ্য, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা বাতিল করেননি। বরং এটি স্থগিত রেখেছেন।
আরব দেশগুলোর চাপের কারণে এমনটি হয়েছে বলেও তিনি দাবি করেন।
জুনের শেষ দিকে ইসরাইল পরিকল্পনাটির নাম ‘স্বেচ্ছা অভিবাসন’ থেকে বদলে ‘ফ্রিডম অব মুভমেন্ট প্ল্যান’ বা ‘চলাচলের স্বাধীনতা পরিকল্পনা’ করে। তবে এর কাঠামোয় ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফিরে আসার অধিকার বা সে বিষয়ে কোনো নিশ্চয়তার উল্লেখ নেই।
ফিলিস্তিনিরা ‘স্বেচ্ছায়’ গাজ্জা ছাড়বেন, ইসরাইলের এমন বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। সমালোচকেরা বলছেন, দীর্ঘস্থায়ী হামলা, ধ্বংসযজ্ঞ ও জীবনযাপনের অনুপযোগী পরিস্থিতির মধ্যে মানুষকে চলে যেতে বাধ্য করা হলে সেটিকে প্রকৃত অর্থে ‘স্বেচ্ছা’ বলা যায় না।
সূত্র: আনাদোলু এজেন্সি











