ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আমেরিকার নেতৃত্বাধীন উদ্যোগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যোগ দিয়েছে বলে জানিয়েছেন আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট এ তথ্য জানান।
বেসেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার নেওয়া অর্থনৈতিক চাপের কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ইইউ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বেসেন্ট ইইউর এ পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, তাদের দৃঢ় ও দ্রুত অবস্থানের জন্য আমরা কৃতজ্ঞ।
বেসেন্ট আরও বলেন, আমেরিকা তার মিত্রদের সঙ্গে নিয়ে দৃঢ়ভাবে কাজ করছে। লক্ষ্য হলো, হত্যাকাণ্ডে জড়িত ইরানি সরকার’ যাতে পারমাণবিক কর্মসূচি, অস্ত্র কর্মসূচি এবং তাদের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়নে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা।
তিনি বলেন, ইরান সরকারের কাছে বিশ্ব একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত তাদের অবশিষ্ট সব আর্থিক পথ বন্ধ না হচ্ছে, ততক্ষণ এই চাপ অব্যাহত থাকবে।
এর আগে গত মাসের শেষ দিকে দেওয়া এক বিবৃতিতে ইইউ জানিয়েছিল, তারা আমেরিকা, জি-৭ এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ইরানের ওপর চাপ বজায় রাখা, উত্তেজনা কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখাই হবে এ সহযোগিতার লক্ষ্য।
ইইউর ওই অবস্থানের পর আমেরিকার অর্থনৈতিক চাপের কর্মসূচিতে তাদের আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা জানালেন বেসেন্ট। তবে ইইউর ৩১ আগস্টের বিবৃতিতে অপারেশন ইকোনমিক আউটকাস্ট-এ সরাসরি যোগ দেওয়ার কথা বলা হয়নি। সেখানে আমেরিকা, জি-৭ ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে কাজ করে ইরানের ওপর চাপ বজায় রাখার কথা বলা হয়েছিল।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল











