রাজধানীসহ সারাদেশের মানুষ জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির কারণে দিশেহারা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। কেবল জ্বালানি সংকট নয়, গত ছয় মাসে বিএনপি সরকার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, শুধু জ্বালানি সংকট নয়, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি করতে পারেনি। বরং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের ওয়াদা দিয়ে ক্ষমতায় আসলেও বিএনপি বিগত সরকারের মতো দলীয়করণ করে ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।
এ সময় সরকারকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সব মহানগর এলাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।











