সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, গণতন্ত্র কার্যকর করতে হলে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা, উৎসব পালনের স্বাধীনতা ও নিজ নিজ আচারের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, সম্প্রীতি নিশ্চিত না করে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব না। সেই গণতন্ত্র কার্যকরও হবে না। কারণ, গণতন্ত্র সকল সম্প্রদায়ের জন্য। সবার স্বাধীনতা, উৎসবের স্বাধীনতা ও আচারের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, যারা সংখ্যায় কম কিংবা ধর্মীয় ও জাতিগতভাবে সংখ্যালঘু, তাদের ওপর নানা ধরনের নির্যাতন হয়েছে। এসব ঘটনায় রাষ্ট্র বা সরকার অনেক সময় নীরব থেকেছে। আমরা অতীতে বিভিন্ন সময়ে দেখেছি, এ দেশে যারা সংখ্যায় কম, ধর্মের দিক থেকে কিংবা জাতিগতভাবে সংখ্যালঘু, তাদের ওপর নানা ধরনের নির্যাতন-নিপীড়ন হয়েছে। সেখানে রাষ্ট্র বা সরকার চুপ ছিল।
তিনি আরও বলেন, অভ্যুত্থানের পরে বারবার বলে এসেছি, দেশে বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমরা এখনো সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি।
ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাইকে দেশের গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নাহিদ ইসলাম।











