খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ভুয়া অভিযোগ তুলে চারদিন ধরে অবরোধ পালন করা হয়, তা স্থগিতের পর এবার পুরো প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।
আজ শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে, গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই সহিংসতা চলছিল পার্বত্য এ জেলায়। ঘটনার পরদিন সেনাবাহিনীর সহায়তায় এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ওঠা বাকিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ২৫ সেপ্টেম্বর জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ‘জুম্ম ছাত্র-জনতা’।
এরপর ২৭ ভোর ৫টায় ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরদিন গুইমারায় ১৪৪ ধারা চলার মধ্যেই সহিংসতায় তিনজন নিহত হন। গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। টানা চারদিন অবরোধ চলার পর ৩০ সেপ্টেম্বর রাতে তা ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে জুম্ম ছাত্র-জনতা।
এদিকে, সে কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পায়নি বলে জানিয়েছে চিকিৎসকরা।











