spot_img
spot_img

ইরানের পরমাণু স্থাপনায় মাদক উৎপাদনের মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান তেহরান

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে মাদক উৎপাদন করা হচ্ছে বলে আমেরিকার করা অভিযোগকে ‘বড় মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে ভিয়েনায় জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন। মিশনটি বলেছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের অজুহাত তৈরির লক্ষ্যেই এ অভিযোগ ছড়ানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) এক্সে দেওয়া এক বার্তায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ভিয়েনাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন বলেছে, বিশ্বব্যাপী মাদক সমস্যা মোকাবিলায় ইরানের অবদান জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) এবং আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড (আইএনসিবি) যাচাই করতে পারে।

আমেরিকাকে উদ্দেশ করে মিশনটি বলেছে, “ইরানের পরমাণু অস্ত্র নিয়ে বলা বড় মিথ্যার পর এবার ‘মাদক উৎপাদন’ নিয়ে আরেকটি বড় মিথ্যা সামনে এসেছে। তবে একজন মিথ্যাবাদীর ভালো স্মৃতিশক্তি থাকা উচিত।”

মিশনটি আরও বলেছে, “বিশ্বের মাদক সমস্যা মোকাবিলায় ইরানের অসাধারণ অবদান রয়েছে। যা ইউএনওডিসি ও আইএনসিবির মাধ্যমে সহজেই নিশ্চিত করা সম্ভব। ইরানের পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সার্বক্ষণিক নজরদারিতে ছিল। সুরক্ষা ব্যবস্থার আওতাধীন ইরানের পরমাণু স্থাপনাগুলো নিয়ে সম্প্রতি যে ভয়াবহ মিথ্যা বলা হয়েছে, সংস্থাটি তা প্রকাশ করতে পারে এবং করা উচিত।”

মিশনটি বলেছে, “অন্য দেশগুলোতে আগ্রাসন চালানো, বোমা হামলা করা এবং লুটপাট চালানোর উদ্দেশ্য যে আধিপত্য বিস্তার, তা স্বীকার করার চেয়ে অজুহাত তৈরি করা সহজ বলেই মনে হচ্ছে। এটি গণতন্ত্র, পরমাণু অস্ত্র বিস্তার রোধ কিংবা সম্প্রতি দাবি করা অবৈধ মাদকের বিষয় নয়। বয়ান পরিবর্তিত হতে পারে, কিন্তু তথ্য একই থাকে।”

ট্রাম্পকে উদ্দেশ করে মিশনটি আরও বলেছে, “অজুহাত তৈরি করা বন্ধ করুন। স্পষ্ট করে বলুন, আপনি ইরানের কৌশলগত সম্পদ, তেল ও গ্যাস এবং স্বাধীনতা দখল করার স্বপ্ন দেখেছিলেন।”

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওকলাহোমার ডুরান্টে এক সমাবেশে ইরান তার ভাষায় ‘মাদক কারখানা’ এবং ‘পরমাণু কারখানা’ হিসেবে পরিচিত স্থাপনাগুলোতে ‘মাদক উৎপাদন করছিল’ বলে দাবি করার পর ইরানের মিশন এই বার্তা দেয়। ট্রাম্প আরও দাবি করেন, কথিত এসব স্থাপনায় ‘ভয়াবহভাবে হামলা চালানো হয়েছে’। একই সঙ্গে সাত মাস আগে ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক আগ্রাসনের পক্ষে যুক্তি তুলে ধরতে তিনি এসব দাবির সঙ্গে ওই আগ্রাসনের বিষয়টি যুক্ত করেন।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ