পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ঢাকার সাভারের আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পৃথক দুটি স্থান থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, জিরাবো এলাকা থেকে মো. শামীমকে এবং বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে মো. আ. হালিম ও মো. মনসুর আলীকে আটক করা হয়।
আটক তিন শ্রমিক নেতাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।











