আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাটদের প্রচারের সুযোগ দিয়ে সংবাদমাধ্যমটি রক্ষণশীল প্রার্থীদের ক্ষতিগ্রস্ত করেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “ডেমোক্র্যাট বিরোধীদের এবং আরও খারাপ বিষয়গুলোকে নিয়মিত ও ধারাবাহিকভাবে প্রচারের সুযোগ দেওয়ায় এই পরাজয়ের দায় ফক্স নিউজকেই নিতে হবে।”
তিনি বিশেষভাবে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর কথা উল্লেখ করেন। ফক্স নিউজ কেন তাকে সরাসরি সম্প্রচারে এসে দেশ পরিচালনা নিয়ে পরামর্শ দেওয়ার সুযোগ দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, মেয়রের দায়িত্ব ছাড়ার সময় ডি ব্লাসিও চরম অসম্মানের মুখে পড়েছিলেন।
নির্বাচনী প্রচারপর্বজুড়েই ফক্স নিউজের বিভিন্ন ভাষ্যকারের বক্তব্য ও সম্পাদকীয় সিদ্ধান্তের সমালোচনা করেছেন ট্রাম্প। তার অভিযোগ, এসব বক্তব্য ও সিদ্ধান্ত তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক ছিল।
ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এসেছে, যখন মার্কিন সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। একই সঙ্গে প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে দলটি। এতে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি











