spot_img
spot_img

কাঁচপুরে দুই বাসের সংঘর্ঘে ৩ পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই বাসের সংঘর্ষের মাঝে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিসের ওই দুই বাসের মধ্যে প্রতিযোগিতার কারণে এ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

নিহতরা হলেন, কাঁচপুর রায়ের চেক এলাকার ফজল করিমের ছেলে আবু বকর সিদ্দিক (২০), রংপুর জেলার কোতয়ালী থানার শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে ওহিদুল (৩২) ও চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে সজিব সরকার (২৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিসের বাস শুক্রবার সকালে সোনারগাঁওয়ে কাঁচপুর ওভারব্রিজের উপরে একটি আরেকটির আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে বোরাক বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে যাত্রী নামানোর জন্য থেমে গেলে পেছনের হোমনা সুপার সার্ভিস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বোরাক বাসকে ধাক্কা দেয়। এই সংঘর্ষের মাঝে পড়ে তিন পথচারী গুরুতর আহত হন।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী দুই বাসকে আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার ওই সময় পালিয়ে যেতে সক্ষম হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাস দু’টি আটক করা হয়েছে। দুই বাসের চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ