বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা দুইটি মামলায় জামিন দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।
এর আগে গত ৯ মে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাকে দুই মামলায় জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ মে এই দুই মামলায় জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।
তার ধারাবাহিকতায় ১০ জুলাই মামলাগুলো নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় ওঠে। এরপর আদালত শুনানি তিন মাসের জন্য মুলতবি করেন। পরবর্তীতে সোমবার ফের কার্যতালিকায় ওঠে। শুনানি শেষে আদালত ২২ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন।
২০২১ সালের ১৮ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।










