ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, যারা ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না! সে আলেম হোক, ইসলামিক দল হোক তাকে কিন্তু ইসলামীপন্থিরা ভোট দিতে চায় না। তাদের কিন্তু ইসলামীপন্থিরা সমর্থন দিতে পারে না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসলামি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলার উদ্যোগে মাদারীপুর-১ (শিবচর) আসনে নির্বাচনি মহাসমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করেছিলাম আমি। ইনসাফ ও সাম্যের মাধ্যমেই মানুষের প্রকৃত মুক্তি আসবে এবং শোষণের হাত থেকে সাধারণ জনগণ রেহাই পাবে।
তিনি বলেন, যাদের ইতিহাস আমদের সামনে প্রকাশ হয়েছে, তাদের ইতিহাস কুকুরের চেয়েও খারাপ।বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আর আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়।কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশ থেকে পালাবে না।
তিনি আরও বলেন, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কথা বলার একমাত্র বিকল্প হলো শরিয়াহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। এ লক্ষ্যে তিনি শিবচরবাসীকে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। মাস্তানি আর সন্ত্রাসের রাজনীতির দিন শেষ। রাজনীতি হবে মানুষের সেবার জন্য, ভয় দেখানোর জন্য নয়।
মুফতী রেজাউল করীম বলেন, আমরা একটি স্বপ্ন, ভিশন ও অঙ্গীকার নিয়ে রাজনীতিতে নেমেছি। বাংলার মানুষের মাঝে আজ যে জাগরণ তৈরি হয়েছে এবং তরুণদের বুকে যে সাহস পুঞ্জীভূত হয়েছে, তাতে আমি দৃঢ়ভাবে বলতে পারি হাজি শরীয়াতুল্লাহর এই পুণ্যভূমিতে এবার ইনসাফের শাসন কায়েম হবে। বাংলাদেশের মানুষ আর কোনো জমিদারি রাজনীতি দেখতে চায় না।
তিনি বলেন, সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। বংশ পরম্পরায় শাসন করার দিন শেষ হয়ে আসছে। সাধারণ মানুষ এখন মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজনীতিকে গ্রহণ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক সমাজ ও সৎ নেতৃত্বের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন ঘটানো হবে ইনশাআল্লাহ।











