প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনার (শেখ হাসিনার) অবৈধ ভোট ব্যবস্থার মতোই ভাতের ব্যবস্থা। আপনার ভোট ব্যবস্থা হচ্ছে রাত্রিবেলা ভোট দেওয়া। আপনার ভোট ব্যবস্থা হচ্ছে ভোটকেন্দ্রে ভোটাররা নয়, গরু-ছাগল যাবে। আপনার ভাতের ব্যবস্থাও তেমনই, যেখানে প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়লেও কারো কিছু বলার সুযোগ নেই।
শনিবার (৫ মার্চ) সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর কেরাণীগঞ্জে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। কেরাণীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
রিজভী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করা যাবে না। সবকিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অথচ এ নিয়ে কিছু বলা যাবে না, মুখ খোলা যাবে না। কাল খবরের কাগজে পড়লাম এক বৃদ্ধ মা বলেছেন, এক মুঠো ভাত পানির মধ্যে মিশিয়ে তিনবেলা খান তিনি, দেশে কী ভয়ানক হাহাকার চলছে। কিন্তু কেউ এর প্রতিবাদ করতে পারবে না।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের হোতারা সবাই ক্ষমতাসীন দলের লোক। তারা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।









