বাংলাদেশের রেল-সংযোগ উন্নয়নে চীন বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি বলেন, চীনের অর্থায়নে পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা রেল সংযোগ প্রকল্প হচ্ছে। বড় বড় স্থাপনা নির্মাণে চীনের অভিজ্ঞতা আছে। বাংলাদেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী চীন।
বুধবার (৫ এপ্রিল) রাজধানীর রেলভবনে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় রেলেওয়ের উন্নয়নে চীন আরও বিনিয়োগ করতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, চীনের অর্থায়নে অপেক্ষমান নির্মাণাধীন আখাউড়া-সিলেট ও জয়দেবপুর-জামালপুর ডাবল লাইন নির্মাণের লক্ষ্যে আলোচনা দ্রুত শেষ করা হবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম হাই স্পিড লাইন নির্মাণ বিষয়ে চীনের আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।
আর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন, চীন দেশের উন্নয়নের অনেক বড় অংশীদার। চীনের অর্থায়নে এখন পদ্মা সেতু রেল সংযোগসহ অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান আছে।
বাংলাদেশের রেল ব্যবস্থা ব্রডগেজ ও মিটারগেজে বিভক্ত উল্লেখ করে তিনি আরও বলেন, পুরো রেল ব্যবস্থাই ব্রডগেজে রূপান্তর করার চিন্তা করা হচ্ছে। এছাড়া প্রতিটি জেলায় রেল সংযোগ স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সিঙ্গেল লাইনকে ডুয়েলগেজ করা হয়েছে।











