২২ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত পাকিস্তানি বাহিনীর হামলায় আফগানিস্তানের ৭৬১ জন বেসামরিক মানুষ নিহত এবং আরও ৬২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত।
রোববার (৫ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানান হামদুল্লাহ ফিতরাত।
ফিতরাত বলেন, এসব হামলার মধ্যে বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ ছিল। হামলাগুলো কাবুল, নানগারহার, কান্দাহার, পাকতিয়া, পাকতিকা, খোস্ত, কুনার, লাগমান ও নুরিস্তান প্রদেশে চালানো হয়। এতে ১,১৪০টি ঘরবাড়ি, ২৫৬টি দোকান, ৩৪টি মসজিদ, ১৩টি বিদ্যালয়, ৩টি ক্লিনিক ও ১৩টি মাদ্রাসা ধ্বংস হয়েছে। এছাড়া ৪২টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, গোলাবর্ষণে ৬৬১টি গবাদিপশুও মারা গেছে।
ফিতরাতের মতে, এই সময়ের মধ্যে পাকিস্তানি মিলিশিয়ারা ডুরান্ড লাইন-সংলগ্ন আবাসিক এলাকায় ১৪ হাজার ৯৭৩টি আর্টিলারি ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে। এতে ২৭ হাজার ৪০৭টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
তিনি বলেন, সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে কাবুলে। সেখানে একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ৪১১ জন শহীদ হন এবং আরও ২৬৫ জন আহত হন।
সূত্র: হুরিয়াত রেডিও











