চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুনে উদ্ধার অভিযানে অংশ নিয়ে এখন পর্যন্ত ৫ জন ফায়ার সার্ভিসকর্মী প্রাণ হারিয়েছেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।
রোববার (৫ জুন) সকালে তাদের লাশগুলো উদ্ধার করা হয়। এছাড়া আহত হয়েছেন অন্তত ২১ জন ফায়ারকর্মী। আহতদের চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট ২১ জনের মৃত্যু সংবাদের কথা নিশ্চিত করেছে বিভিন্ন মাধ্যম।
ফায়ারের মহাপরিচালক জানান, কন্টেইনারগুলো কেমিক্যালে পূর্ণ থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে সময় লাগছে। আর এ কারণেই আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। গতকাল রাত সাড়ে ৯টার দিকে কন্টেইনার ডিপোটিতে আগুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল। রাত বাড়ার সাথে সাথে এ আগুনের ঘটনার ভয়াবহতা বাড়ে। তবে এখন আগুনের মাত্রা কমে আসলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ারের মহাপরিচালক সাংবাদিকদের জানান, এতবড় অগ্নিকাণ্ড হলেও মালিকপক্ষের কারো উপস্থিতি ঘটনাস্থলে তারা লক্ষ করছেন না। তাদের সাথে যোগাযোগ না থাকা একপ্রকার জটিলতা তৈরি করছে বলেও জানান তিনি।










