ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে এ বছরই দেশে ফিরবেন বলে যে ঘোষণা দিয়েছেন, তার কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
তিনি বলেছেন, একজন মানুষের অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ শেখ হাসিনা ও তার পরিবার।
শনিবার (৮ জুলই) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সোহেল তাজের পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
‘একজন মানুষের ইগো/অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।
গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে, গণতন্ত্র কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে, দেশ এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে ধ্বংস করে ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে, দুর্নীতি-লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা, সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলবে, এটা তাদের সঙ্গে প্রতারণা আর ভণ্ডামি করা ছাড়া আর কিছু না।
আত্মসমালোচনা এবং আত্মোপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভাবনা খুবই কম।’











