ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম বলেছেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানবতার ধর্ম। ইসলামে সকলেই নিরাপদ। এখানে হিংসা বিদ্বেষ, পরশ্রীকাতরতার সুযোগ নেই। আজীবন ইসলামের বাইরে থাকা মানুষও যদি আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করে, ইসলাম তার নিরাপত্তার জন্য যথেষ্ট।
চরমোনাই পীর বলেন, আজ বিশ্বব্যাপী যে অশান্তির আগুন জ্বলছে তা একমাত্র ইসলামবিমুখতার কারণে। মানুষ যদি ইসলামকে জীবনের সকলক্ষেত্রে অনুসরণ অনুকরণ করে তাহলে এখানে অশান্তি থাকতে পারে না।
তিনি বলেন, কেননা ইসলাম দুনিয়া এসেছে শান্তির জন্য, কল্যাণের জন্য। এজন্য আমরা যদি দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি চাই তাহলে সকলকে ইসলামের ছায়াতলে ফিরে আসতে হবে।
বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি একাংশের চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন সিপিবিএম থেকে পদত্যাগ করে চরমোনাই পীরের হাতে সদস্য ফরম পুরণের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দলের আমীর চরমোনাই পীর এসব কথা বলেন। এ সময় চুয়াডাঙ্গা জেলা নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










