spot_img

সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেফতার

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের তথ্য নিশ্চিত করে এর প্রতিবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস আলম এক ফেসবুকে পোস্টে অভিযোগ করেন, দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার পরও বিএনপি ও পুলিশ ‘ক্ষমতা দেখিয়েছে’।

পোস্টে তিনি লেখেন, হবিগঞ্জ ও সিলেটে সম্প্রতি সংঘটিত হামলার প্রসঙ্গ টেনে সালাউদ্দীন তানভীর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট দিয়েছিলেন। পরে দলের পক্ষ থেকে আপত্তি জানানো হলে তিনি পোস্টটি মুছে ফেলেন। পাশাপাশি ফেসবুকে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান।

সারজিস আলম লেখেন, ‘একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল। সেটা লেখা উচিত হয়নি বুঝতে পেরে ডিলিট করল, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল। পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেয়া হলো। এত কিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইল!’

বিএনপির বর্তমান আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল, আজ ক্ষমতার পালাবদলের পর তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে।’

এ ছাড়া সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের চোখ নষ্ট হওয়ার ঘটনায় জড়িতদের এখনও গ্রেপ্তার না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন সারজিস আলম।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দীন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি।

গত শুক্রবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ