ঝরের গতিতে তালেবানের আফগান নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে সবাই ভুল বুঝেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সামরিক প্রধান নিক কার্টার।
তিনি বলেন, তালেবানের গতিই আমাদের অবাক করে দিয়েছিল এবং আমি মনে করি না যে তালেবান কী করতে যাচ্ছে তা আমরা বুঝতে পেরেছি।
রোববার (৫ সেপ্টেম্বর) বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
সামরিক গোয়েন্দা তথ্য ভুল ছিল কী না জানতে চাইলে ব্রিটিশ সামরিক প্রধান বলেন, সরকার বিভিন্ন উৎস থেকে গোয়েন্দা তথ্য পেয়েছে। শুধু সামরিক গোয়েন্দা তথ্যের ওপর সরকার নির্ভরশীল ছিল না। আমি মনে করি সবাই এই সহজ ব্যাপারে ভুল বুঝেছে। এমনকি তালেবানও আশা করেনি এত দ্রুত পরিস্থিতি বদলে যাবে।
তিনি বলেন, আফগান সরকার যে কতটা নাজুক অবস্থায় আছে সে ব্যাপারে কেউ অনুমান করতে পেরেছে বলে আমি মনে করি না।











