spot_img
spot_img

ইসলামি লেখক ফোরামের নতুন কমিটি গঠন; সভাপতি আমিন, সম্পাদক নকীব

ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৬-২০২৮ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লেখক ও সাংবাদিক আমিন ইকবাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লেখক নকীব মাহমুদ। এর আগে আমিন ইকবাল সংগঠনের সাধারণ সম্পাদক এবং নকীব মাহমুদ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ছিলেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সায়ীদ উসমান, অর্থ সম্পাদক পদে আমিন আশরাফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে হাবীবুল্লাহ সিরাজ এবং প্রশিক্ষণ সম্পাদক পদে জাওয়াদ আহমদ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংগঠনের ৭ম কাউন্সিল ও ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সদস্যদের মতামত ও গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতি ছাড়া পাঁচটি পদে দায়িত্বশীল নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পরে নির্বাচিত ছয়জনের পরামর্শক্রমে আরও ১৪টি পদে দায়িত্বশীল নির্ধারণ করা হয়।

কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি আবুল কালাম আনছারী, সহ-সাধারণ সম্পাদক শামসুদ্দীন সাদী ও উবায়দুল হক খান, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক তাসনিম ও মিযানুর রহমান জামীল, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ ফিরোজী, তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ তামিম, গবেষণা সম্পাদক জুবায়ের রশীদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজা হাসান, প্রকাশনা সম্পাদক আবু নাঈম ফয়জুল্লাহ, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক কাউসার লাবীব, প্রচার সম্পাদক রায়হান রাশেদ এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক তাশরিফ মাহমুদ।

রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশ থেকে চার শতাধিক লেখক অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আদর্শ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী। সহকারী কমিশনার ছিলেন সংগঠনের অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আব্দুল মুমিন এবং লেখক ও অনুবাদক ড. ইমতিয়াজ বিন মাহতাব।

এদিকে ১০ লেখককে দেওয়া হয় ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৬’। তারা হলেন, অনুবাদে কাজী সিকান্দার (রহ.), মোটিভেশনালে হাবীবুল্লাহ সিরাজ, সিরাতে আমিন আশরাফ, গবেষণায় আবু নাঈম ফয়জুল্লাহ, প্রবন্ধে জুবায়ের রশীদ, শিশু সাহিত্যে রেদওয়ান সামী, ইতিহাসে আমীরুল ইসলাম ফুআদ, স্মৃতিগদ্যে মুয়ায আবদুল্লাহ, উপন্যাসে আবদুল্লাহ মারুফ এবং গল্পে জাবেদ হোসাইন।

সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, নয়া দিগন্তের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, লেখক ও অনুবাদক মুহাম্মদ যাইনুল আবিদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী, মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনালের পরিচালক শায়খ নেছার আহমদ আন-নাছিরী, দ্বীনিয়াত বাংলাদেশের পরিচালক মাওলানা সালমান আহমদ, লেখক ফোরামের অভিভাবক পরিষদের সদস্য মাসউদুল কাদির, কওমী উদ্যোক্তার ফাউন্ডার ও লেখক রোকন রাইয়ান, লেখক রায়হান মোহাম্মদ ইব্রাহিম, সাংবাদিক মোহাম্মদ ফয়জুল্লাহ, কবি জালাল খান ইউসুফী ও কবি সুমন রায়হান প্রমুখ।

বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়িয়ে থাকা লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ