spot_img
spot_img

ইরানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চল এর পরিণতি ভোগ করবে: ইরানি সেনাপ্রধান

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ শুরু হলে এর পরিণতি পুরো অঞ্চলকে ভোগ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো হুমকি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।

সোমবার প্রকাশিত এক বার্তায় মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেন, বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আমেরিকা ও ইসরাইলের নেতৃত্ব ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার পুরোনো অভিযোগ সামনে এনে দেশটির বিরুদ্ধে নতুন করে আগ্রাসী যুদ্ধ শুরু করার চেষ্টা করতে পারে।

তিনি বলেন, ইরানি জাতি কোনো চাপ বা আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না। দেশটির ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় সংকল্পও ব্যক্ত করেন তিনি।

মেজর জেনারেল আবদোল্লাহি বলেন, ইরানের বিরুদ্ধে আগের যুদ্ধগুলোর পরিণতি দখলদার ইসরাইল ইতোমধ্যেই ভোগ করেছে। তিনি সতর্ক করে বলেন, আবারও কোনো ভুল হিসাব করলে ইরানের পক্ষ থেকে শক্তিশালী জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা নিশ্চিত যে দুষ্ট ইহুদিবাদী রাষ্ট্রটি এখন কিংবা অন্য কোনো সময়ই শক্তিশালী ইরানের মোকাবিলা করার সক্ষমতা রাখেনি এবং ভবিষ্যতেও রাখবে না।” তিনি সতর্ক করে বলেন, নতুন কোনো আগ্রাসী যুদ্ধ শুরু হলে তার জবাব শক্তিশালীভাবে দেওয়া হবে।

ইরানের এই শীর্ষ জেনারেল আমেরিকাকেও সতর্ক করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা কোনো পদক্ষেপ নিলে ইরান সরাসরি এবং কোনো সীমাবদ্ধতা ছাড়াই তার জবাব দেবে। আমেরিকার কংগ্রেস নির্বাচনের আগে কিংবা পরে এমন পদক্ষেপ নেওয়া হলেও একইভাবে জবাব দেওয়া হবে।

জেনারেল আবদোল্লাহি সতর্ক করে বলেন, “আমেরিকা নিজে অথবা শিশু হত্যাকারী ইহুদিবাদী রাষ্ট্রের প্ররোচনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে ও শক্তিশালীভাবে কোনো সীমাবদ্ধতা ছাড়াই আমেরিকার স্বার্থে বেদনাদায়ক আঘাত হানবে।”

যেসব আঞ্চলিক দেশে আমেরিকার সেনা মোতায়েন রয়েছে, সেসব দেশের উদ্দেশে তিনি বলেন, এই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক সমস্যার অন্যতম প্রধান উৎস। ইরানের সঙ্গে নতুন কোনো সংঘাতে এসব দেশ যেন তাদের ভূখণ্ড ব্যবহার করতে না দেয় বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, “সতর্ক থাকুন। ইরানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ শুরু হলে এর আগুন সবাইকে গ্রাস করবে।”

তিনি ইসরাইলের এই দাবিও প্রত্যাখ্যান করেন যে ইরানের পরমাণু কর্মসূচি সামরিক পর্যায়ে প্রবেশ করেছে। তিনি এ ধরনের অভিযোগকে ইরানকে হুমকি হিসেবে তুলে ধরার একটি প্রচেষ্টা বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি বলেন, শত শত পারমাণবিক ওয়ারহেডের অধিকারী একটি অপরাধী রাষ্ট্রের কাছ থেকে এমন অভিযোগ আসা বিশেষভাবে অগ্রহণযোগ্য।

মেজর জেনারেল আবদোল্লাহি আন্তর্জাতিক সংস্থাগুলোকে, বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ), ইরানের পরমাণু স্থাপনা নিয়ে ভিত্তিহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন।

শেষে তিনি জোর দিয়ে আরও বলেন, ইরান “আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী” এবং যেকোনো পর্যায়ের হুমকি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। এ সময় তিনি আল্লাহর সাহায্যের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ