সিরিয়ার কুনেইত্রা প্রদেশে দখলকৃত গোলান মালভূমির কাছে কথিত ‘সুফা ৫৩ লাইন’ বরাবর দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুনরায় তৎপরতা শুরুর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, এই পদক্ষেপের লক্ষ্য সিরিয়ায় নতুন বাস্তবতা তৈরি করা।
সোমবার (৫ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, সিরিয়ার কুনেইত্রা প্রদেশে কথিত ‘সুফা ৫৩ লাইন’ বরাবর পুনরায় তৎপরতা শুরু করে ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তিকে ক্ষতিগ্রস্ত করা এবং সিরিয়ায় নতুন বাস্তবতা তৈরির চেষ্টা চালানোর জন্য আমরা দখলদার রাষ্ট্র ইসরাইলের তীব্র নিন্দা জানাই।
মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তোলা দখলদার রাষ্ট্র ইসরাইলের সম্প্রসারণবাদী নীতি বন্ধ করতে এবং দখলকৃত সিরীয় ভূখণ্ড থেকে ইসরাইলের প্রত্যাহার নিশ্চিত করতে বিলম্ব না করে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ নিতে।
আঙ্কারা জোর দিয়ে বলেছে, সিরিয়ার সার্বভৌমত্ব, রাজনৈতিক ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তুরস্ক দৃঢ়ভাবে সমর্থন অব্যাহত রাখবে। একই সঙ্গে অঞ্চলটির অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপও অব্যাহত রাখবে।
সূত্র : টিআরটি











