spot_img

আওয়ামী সরকার জনগণকেই শক্রপক্ষ মনে করে: মির্জা ফখরুল

আওয়ামী সরকার জনগণকেই শক্রপক্ষ মনে করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আসলে গণবিরোধী আওয়ামী সরকার জনগণকেই শক্রপক্ষ বলে মনে করে। এই কারণে জনগণের বিরুদ্ধে তাদের প্রতিহিংসা হিংস্র রূপ ধারণ করে। যেখানে ভারতে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, অথচ বাংলাদেশে এর দাম বাড়ানো হয়েছে! যাতে ক্ষমতাসীনরা জনগণের টাকা লুটপাট করে আগের মতই বিদেশে পাচার করতে পারে। এখন ভর্তুকি কমাতে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে, এতে জনগণের পকেট কাটা থামবে না বরং আরও বৃদ্ধি পাবে। এই দাম বৃদ্ধির দুর্বিষহ প্রভাব অর্থনীতির সব খাতে পড়বে।

শুক্রবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে জনস্বার্থকে তাচ্ছিল্য করে অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য বৃদ্ধিসহ দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। গত পরশুদিন রাতে দেশে কেরোসিন ও ডিজেলের দাম শতকরা ২৩ ভাগ বৃদ্ধি করে ৬৫ টাকা থেকে ৮০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এর একদিন যেতে না যেতেই গতকাল বৃহস্পতিবার এলপি গ্যাসের দাম ৪.২৯ শতাংশ বৃদ্ধি করে ১২ কেজির মূল এক হাজার ২৫৯ টাকা থেকে এক হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এলপি গ্যাসের মূল্য গত চার মাসে ৪৭.৩৬ শতাংশ বাড়ানো হলো। গত জুলাই মাসে এর মূল্য ছিল ৮৯১ টাকা।

বিএনপি মহাসচিব বলেন, কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। এ মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, এই মূল্য বৃদ্ধি দেশের অর্থনীতিতে ‘চেইন রিঅ্যাকশন’ সৃষ্টি করবে। ডিজেল, কেরোসিন ও এলপি গ্যাসের মূল্য বাড়ায় জনজীবনে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির পাশাপশি সেচ, পরিবহনসহ সামগ্রিক ব্যয় অসহনীয়ভাবে বেড়ে যাবে। জনজীবনে দুর্গতির শেষ থাকবে না। জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে এবং মধ্যম ও নিম্ন আয়ের মানুষ ভয়ানক দুর্ভোগের মধ্যে পড়বে।

মির্জা ফখরুল বলেন, ভোটারবিহীন সরকারের জনগণের কাছে জবাবদিহি করতে হয় না বলেই জনমতকে উপেক্ষা করে ডিজেল, কেরোসিন ও এলপি গ্যাসের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে। এমনিতেই বর্তমানে চাল, ডাল, আটা, চিনি, ভোজ্য তেল ও রান্নার গ্যাসের দাম দ্বিগুণ বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের জীবন এখন ত্রাহি ত্রাহি অবস্থা। সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধি কৃষি ও শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়বে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ