আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, ৭২-এর সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান হিসেবে স্বীকৃত।
তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যারা সংবিধানকে কলুষিত করেছেন, জাতীয় চার মূলনীতিকে ছুঁড়ে ফেলেছে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছে তারাই আজ আবার সংবিধান পরিবর্তনের কথা বলছেন।
শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমু বলেন, জাতীয় চার মূলনীতির বিরোধিতাকারীরাই সংবিধান পরিবর্তনের কথা বলছে।
আমু আরও বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জাতীয় চারনেতাকে হত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয় কোনো ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, বাঙালিকে নেতৃত্বশূন্য করে স্বাধীন বাংলাদেশকে নব্য পাকিন্তানে রূপান্তর করাই ছিলো স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের মূল লক্ষ্য।
তিনি অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও জেলহত্যাকাণ্ডের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে পুনর্বাসন করে ইতিহাসকে কলঙ্কিত করেছে জিয়াউর রহমান।










