spot_img
spot_img

জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ শুরু করেছে: আখতারুজ্জামান

ছেলেকে ছুরিকাঘাতের ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন।

তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীদের ওপর রাজনৈতিকভাবে আক্রমণ শুরু করেছে বিএনপির লোকেরা।

বুধবার (৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন।

এর আগে রাত ৮টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে তাঁর বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে (৪০) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

আখতারুজ্জামান বলেন, অত্যন্ত দুঃখ ও বেদনাচিত্তে জানাচ্ছি, এখন আমাদের রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে। সম্প্রতি আমি কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছি। আমার ছেলে গ্রামের বাড়িতে ব্যবসা করে, তার খামার রয়েছে। সেখানে সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতারা সম্মিলিতভাবে তার ওপর হামলা করেছেন।

তিনি জানান, গুরুতর আহত শাহরিয়ারকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপার, স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির সভাপতিকে জানানো হয়েছে।

আখতারুজ্জামান বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় স্থানীয়ভাবে অনেকেই জানেন। তাঁদের নাম পুলিশের কাছেও দেওয়া হয়েছে। সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন বিএনপির এক সহসভাপতির নেতৃত্বে এ হামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের নাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, অভিযুক্তদের কয়েকজন এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। গচিহাটা রেলস্টেশনেও তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ