ভাতা গ্রহণকারী ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির ব্যবস্থা না হলেও ভাতা ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, আইনি বৈধতা না থাকায় রাজাকারের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। ইতোমধ্যে তালিকা প্রণয়নের কমিটি করা হয়েছে। সংসদে নীতিমালা পাশ হলেই তালিকাটি প্রকাশ করা হবে। মুক্তিযোদ্ধাদের যাচাই বাচাই শেষ। এখন আপিলের শুনানি চলছে। তালিকা নামভুক্ত করতে অনৈতিক সুবিধা গ্রহণের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার (৬ জানুয়ারি) ফেনীর দাগনভূঞায় রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার ৯ম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রঘুনাথপপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম ও লন্ডন এনটিভির ইসলামিক উপস্থাপক মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মুহাম্মাদ মাহবুব হোসেন, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার দ্বিন মোহাম্মদ, আন্তর্জাতিক ক্বেরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব সাইফুল্লাহ মাদানী ও দাগনভূঞা উপজেলার নির্বাহী অফিসার নাহিদা আক্তার তালিয়া।











