আলোচিত ইউটিউবার হিরো আলমকে নিয়ে রাজনৈতিক নেতাদের বাহাসের মধ্যে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন, হিরো আলমকে নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তার মন্তব্য ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে।
তিনি বলেন, তিনি বলেন, ফখরুল সাহেব বলেছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া! হিরো আলমের জন্য এত দরদ উঠলো ফখরুলের? ফখরুল ভেবেছিলেন হিরো আলম জিতে যাবে। হিরো আলম এখন জিরো হয়ে গেছে। তারা (বিএনপি) তো নির্বাচন চান নাই। হিরো আলমকে বিএনপি দাঁড় করিয়েছে। জাতীয় সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তিনি মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান। হিরো আলমের চমকে দেওয়া এই ফলাফল সারাদেশে আলোচনার জন্ম দেয়।
পরিপ্রেক্ষিতে শনিবার কামরাঙ্গীরচরে এক সমাবেশে বগুড়ার নির্বাচন নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।
এই বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব। হিরো আলমও ওবায়দুল কাদেরকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
এরপর সোমবার সকালে এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের জানান, তিনি হিরো আলম নয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কথা বলেছিলেন।
আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের জানাজায় অংশ নেন ওবায়দুল কাদের।










