ইরানে আমেরিকার স্থলবাহিনীর সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা চলছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ এ ব্যাপারে ভীত কিংবা চিন্তিত নয়; বরং তারা মার্কিন স্থল বাহিনীর জন্য অপেক্ষা করছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকার তিন এ কথা জানান।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, মার্কিন স্থল বাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে ইরান চিন্তিত কি না?
জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “না, চিন্তিত নই; বরং আমরা তাদের জন্য অপেক্ষা করছি। কারণ আমরা নিশ্চিত যে তাদের আমরা মোকাবিলা করতে পারব এবং এটা হবে তাদের জন্য একটি বড় বিপর্যয়।”
আরাঘচি আরও জানান, ওয়াশিংটনকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এমনকি ২০২৫ সালের জুন মাসে যখন ১২ দিন ধরে ইসরাইল ও আমেরিকার সঙ্গে যুদ্ধ চলেছিল, তখনও ইরানের তরফ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি।
তিনি বলেন, “জেনেভায় (পরমাণু কর্মসূচি নিয়ে) সংলাপের সময় আমরা অনুমান করতে পেরেছিলাম যে একটি যুদ্ধ ঘনিয়ে আসছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দিইনি। এমনকি এর আগে গত বছর জুন মাসের ১২ দিনের যুদ্ধে যখন ইসরাইল-আমেরিকা হামলা চালিয়েছিল, তখনও আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিইনি। সেবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরাইল, যারা এই সংঘাত সৃষ্টি করেছিল।”
সূত্র: এনবিসি











