spot_img
spot_img

বাংলাদেশকে কারও গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ জরুরি। এ দেশে আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। অন্য কোনো চিন্তা থাকলে তা ভুল। কারণ, আমরা সবসময় সংবিধান ও আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশকে কারও গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই।

গতকাল বুধবার (৫ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক অনুষ্ঠান শেষে এসব মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তন কোনোভাবেই সম্ভব না। তবে সরকারের চেষ্টা থাকবে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন। ইতোমধ্যে সব দলকে নির্বাচনে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি তারা সরকারের ডাকে সাড়া দেবে।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দেশটির আসন্ন সফর বিষয়ে তিনি বলেন, আমেরিকা একটি বিষয় প্রায়ই সামনে আনে– বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চায় তারা। বর্তমান সরকারও স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। কারণ, আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করেছে। এখানে তো কোনো ঝগড়া নেই।

তিনি আরও বলেন, আমেরিকা আমাদের সবচেয়ে বড় বন্ধু। করোনা মহামারিতে একমাত্র দেশ হিসেবে বিনামূল্যে টিকা দিয়েছে। একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। একইভাবে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি মানবিক সহায়তা দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশ শুরুতে অনেক সহায়তা করলেও সম্প্রতি কমিয়ে দিয়েছে।

আব্দুল মোমেন বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ভুয়া ভোট ঠেকাতে বায়োমেট্রিক পরিচয়পত্র ও স্বচ্ছ ব্যালট বাক্স করা হয়েছে। স্বাধীন নির্বাচন কমিশন গঠন হয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার অবশ্যই তাদের সহায়তা করবে। তবে শুধু সরকার করলে হবে না; জনগণ, ভোটার, বিরোধী দল, সংবাদমাধ্যমসহ যত রাজনৈতিক দল রয়েছে, সবাইকে সহযোগিতা করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ