প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যার্থে দুয়েকদিনের মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বঙ্গবাজার মার্কেট পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
সালমান এম রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই সাহায্য করতে চাইছেন। এজন্য দুয়েকদিনের মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিংয়ের জন্য নম্বর দেয়া হবে, যাতে দেশবাসী ব্যবসায়ীদের সাহায্য করতে পারেন।
তিনি বলেন, টাকা উঠানো হলে আমরা সিটি করপোরেশনের মাধ্যমে একটা তালিকা করে সেগুলো বিতরণ করব। আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটে ভাড়াটিয়া ব্যবসায়ীদের একটা তালিকা করে আমরা জানতে চাইব তাদের কী পরিমাণ ক্ষতি হয়েছে। তারপর সরকার দেখবে কাকে কত সাহায্য করা যায়।
চৌকি বসিয়ে হলেও ঈদের আগে বঙ্গবাজারে অস্থায়ী ভিত্তিতে বসতে চান ব্যবসায়ীরা। এ বিষয়ে সালমান এফ রহমান বলেন, জায়গাটি পরিষ্কার করে সেটি করা যেতে পারে।











