spot_img
spot_img

সরকারি নথি থেকে বিদেশি শব্দ বাদ দেওয়ার নির্দেশ আফগান আমিরুল মু’মিনীনের

সরকারি নথিতে ব্যবহৃত বিদেশি শব্দ পর্যালোচনা ও প্রতিস্থাপনের নির্দেশ দিয়ে নতুন একটি ফরমান জারি করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চা নেতা বা আমিরুল মু’মিনীন শাইখুল হাদিস মাওলানা আখুন্দজাদা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরিয়ানা নিউজ।

মাওলানা আখুন্দজাদার ফরমানে বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত অ-স্থানীয় পরিভাষা মূল্যায়ন ও সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটির সভাপতিত্ব করবে বিচার মন্ত্রণালয়। এতে উচ্চশিক্ষা, শিক্ষা, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বিজ্ঞান একাডেমি ও প্রশাসনিক বিষয়ক দপ্তরের প্রতিনিধিরা থাকবেন।

ফরমানের দ্বিতীয় ধারায় বলা হয়েছে, সব সরকারি দপ্তরকে তাদের প্রশাসনিক ও আইনি নথিতে ব্যবহৃত বিদেশি শব্দগুলো চিহ্নিত করতে হবে। এরপর প্রস্তাবিত বিকল্প ও প্রয়োজনীয় যুক্তিসহ নির্ধারিত কাঠামোতে সেগুলো কমিটির কাছে জমা দিতে হবে।

তৃতীয় ধারায় বলা হয়েছে, কমিটি প্রাপ্ত প্রস্তাবগুলো পর্যালোচনা করে ইসলামি ও আফগান ভাষাগত এবং সাংস্কৃতিক বিবেচনায় উপযুক্ত বিকল্প নির্ধারণ করবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের অতিরিক্ত ব্যাখ্যার জন্য তলব করার ক্ষমতাও কমিটির থাকবে।

চতুর্থ ধারায় উল্লেখ করা হয়েছে, এই ফরমান তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এটি সরকারি গেজেটে প্রকাশ করা হবে।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ