spot_img
spot_img

খামেনির হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে: ইরানের প্রধান বিচারপতি

ইসলামি বিপ্লবের নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের জন্য আমেরিকা ও ইসরাইলের নেতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই।

তিনি বলেছেন, হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে।

তেহরানে ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জীবন ও দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোহসেনি এজেই বলেন, ‘চার মাসেরও বেশি সময় ধরে আমাদের জনগণ, তরুণ ও বৃদ্ধ নির্বিশেষে, তাদের শহীদ নেতার জন্য শোক পালন করছে এবং রক্তের প্রতিশোধের পতাকা উত্তোলন করেছে।’

ইরানি জাতির বিরুদ্ধে করা অপরাধের জন্য আমেরিকা ও ইসরাইলকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেন ইরানের বিচার বিভাগের প্রধান।

তিনি আরও বলেন, জেনেভা কনভেনশন এবং এর অতিরিক্ত প্রোটোকলসহ সব আন্তর্জাতিক কনভেনশনে যুদ্ধাপরাধীদের বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে।

মোহসেনি এজেই বলেন, ‘আমরা দৃঢ়ভাবে তাদের খুঁজে বের করব, বিচার করব এবং শাস্তি দেব। তাদের কাছ থেকে প্রতিশোধ আদায় করব। আমরা তাদের ইরানি জাতির ওপর চাপানো ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতেও বাধ্য করব।’

তিনি আরও বলেন, ইরান শক্তি ও দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করে যাবে এবং আমেরিকা ও ‘ইহুদিবাদী’ নিপীড়কদের বিরুদ্ধে যেকোনো আন্দোলনকে সমর্থন করবে।

ইরানের বিচার বিভাগের প্রধান বলেন, ইরান সব প্রতিবেশী দেশকে সমর্থন করে, যতক্ষণ না তারা ‘শত্রুর পক্ষে কাজ করে’।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ