জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের মানুষ দুটি ভোট দিয়েছে।
তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে মানুষ জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিএনপি সরকার গঠন করেই জুলাই সনদকে অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা, জাতির সঙ্গে গাদ্দারি ও বেঈমানি করছে।
তিনি বলেন, অনতিবিলম্বে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বিগত ফ্যাসিস্ট সরকারকে যেভাবে মানুষ বিদায় করেছে, সেভাবেই তারা এ সরকারেরও পতন ঘটাবে।
সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে আয়োজিত জুলাই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, প্রথম পদযাত্রা ও পথসভার আয়োজন করে।
গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমনের সঞ্চালনায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জে জুলাই পদযাত্রা ও পথসভা কর্মসূচির মাধ্যমে এনসিপি দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে।
পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল, তা দেশের জনগণ জানে।
তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ লন্ডন থেকে, কেউ শিলং থেকে এসে নেতৃত্ব দাবি করছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, তবে জুলাই আন্দোলনে আপনাদের নেতৃত্বের দাবি থেকে সরে আসুন।
জাতীয়তাবাদের নামে ব্যবসা ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বিদ্যুতের ঘাটতি পূরণ, কর্মসংস্থানের ব্যবস্থা ও সংস্কার বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ এলাকা থেকেই মাদক নির্মূল করতে পারছেন না। তিনি কীভাবে দেশ থেকে মাদক নির্মূল করবেন? কীভাবে সারা দেশে আইনশৃঙ্খলার উন্নতি করবেন?
তিনি আরও বলেন, শহীদ হাদী, কালীগঞ্জের ওমর ফারুক হত্যাসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সব শহীদের হত্যার বিচার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, ঢাকা বিভাগীয় আহ্বায়ক সাইফুল্লাহ হায়দার, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমিন, যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, প্রভাষক আফরিনা আক্তার, গাজীপুর জেলা শাখা জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক মাহিব হোসেন রুদ্র, জাতীয় ছাত্রশক্তির নেতা রিদওয়ান শেখসহ উপজেলা ও পৌরসভার এনসিপির নেতৃবৃন্দ।











