spot_img

পশ্চিম তীরে ইসরাইলি দখলদারদের হামলা, ঘরবাড়িতে আগুন

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয় হামলাকারীরা। খবর আনাদোলু এজেন্সির।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দক্ষিণ হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার খিরবেত আল-তুবা গ্রামে এই হামলা হয়। আহতদের মধ্যে তিন নারী রয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, হামলায় কয়েকটি বাড়ি পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়েন।

এদিকে ইসরাইলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় আগ্রাসী হামলা চালিয়েছে। বেথলেহেম, রামাল্লাহ ও আল-বিরেহ শহরে তল্লাশি চালানো হয়। আল-বিরেহে তিনটি বাড়ি খালি করে সেগুলোকে সামরিক চৌকিতে পরিণত করা হয়েছে।

এ ছাড়া জেরুজালেমের উত্তরে কালানদিয়া শরণার্থী শিবির ও কাফর আকাবে হামলা চালিয়ে প্রায় ১৫ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলার সময় ইসরাইলি বাহিনীর মারধরে আরও আটজন আহত হন। আহত ও অসুস্থদের কাছে চিকিৎসাকর্মীদের পৌঁছাতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় আগ্রাসন শুরুর পর পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। এ সময় সেখানে ১ হাজার ১৮২ জনের বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার আহত এবং প্রায় ২৪ হাজার মানুষ আটক হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ